ঢাকার ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।

এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত একটার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং রাত ১টা ৩৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের হিসাবে, এ ঘটনায় বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক মো. লালন এবং নিবন্ধন নম্বর যশোর মেট্রো-জ-১১-০০৩৪।

এর আগে গত রোববার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আফাজ উদ্দিন কলেজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

এরও আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নয় লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছিল।

এ নিয়ে ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘গত কয়েক দিনে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বাস মালিকদের বলেছি, যাতে তারা বাস নিরাপদে রাখেন এবং বাসের জন্য পাহারাদার বা নজরের মধ্যে রাখেন।’ তিনি আরও বলেন, ‘এই আগুনের ঘটনা রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধে বিভিন্ন বিষয়কে সামনে রেখেই তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত একটি বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি। আশা করছি, বিষয়টি উদ্‌ঘাটন করা সম্ভব হবে।’

Source: জাগো নিউজ২৪