খাগড়াছড়ি পৌরসভার বর্জ্যের কারণে শহরের অদূরে পাহাড়ি ছড়ার পানি দূষিত হয়ে পড়েছে। এতে দুর্গন্ধ, ময়লা-আবর্জনা ও নোংরা পানির ভোগান্তিতে পড়েছেন খাগড়াছড়ি শহরের কাছেই বাঙ্গালকাটি গ্রামের শতাধিক পরিবার।

নিরাপদ পানির বিকল্প উৎস না থাকায় বাধ্য হয়ে ওই ছড়ার পানিতেই গোসল ও কাপড় ধোয়াসহ নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে পরিবারগুলোকে। এতে পানিবাহিত রোগের পাশাপাশি চর্মরোগের ঝুঁকিও তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, খাগড়াছড়ি শহরের চট্টগ্রাম সড়কের পাশে পাহাড়ের একটি খাদে প্রায় ২০ বছর ধরে পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসছে। বৃষ্টির পানিতে সেই বর্জ্য আশপাশের এলাকায় আরও ছড়িয়ে পড়ছে। একপর্যায়ে এসব আবর্জনা জমা হচ্ছে বাঙ্গালকাটি ছড়ায়।

এর ফলে শুধু ছড়ার পানি দূষিত হচ্ছে না, পরিবেশের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট হচ্ছে। ছড়ার দুই পাশে বসবাসকারী পরিবারগুলোর ভোগান্তি সবচেয়ে বেশি। একসময় যে পানিতে তারা দৈনন্দিন কাজ সারতেন, সেই পানিতেই এখন শহরের নানা ধরনের বর্জ্য মিশছে।

ছড়াজুড়ে প্লাস্টিক, পলিথিন, পচা খাবার ও অন্যান্য আবর্জনা জমে থাকায় পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও বর্জ্য জমে পানি চলাচলেও বাধা তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, তাদের এলাকায় নিরাপদ পানির পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা নেই। ফলে ঝুঁকি জেনেও অনেককে ছড়ার পানি ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে নারীরা ও শিশুরা দৈনন্দিন কাজে এই পানির ওপর নির্ভর করছে।

দূষিত পানি ব্যবহারের পর অনেকেই চুলকানি, অ্যালার্জিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ছাড়া পানি দূষণের কারণে ডায়রিয়া ও কলেরাসহ পানিবাহিত রোগের আশঙ্কাও রয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পৌরসভার বর্জ্য অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছেন। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বর্জ্যের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা তাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায় একটি ডাম্পিং স্টেশন থাকলেও সেটি জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সেখানে বর্জ্য ফেলা সম্ভব হচ্ছে না। এতে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় সংকট তৈরি হয়েছে। এই সংকটের কারণে একটি গ্রামের শতাধিক পরিবার বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

ভলান্টিয়ার ফর বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা জাহেদ হোসেন বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে। বর্জ্য ফেলার জন্য বিকল্প জায়গা নির্ধারণ করা জরুরি। এতে স্থানীয় মানুষের ভোগান্তি কমার পাশাপাশি পরিবেশদূষণও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাদিয়া আফরিন কচি জানান, বর্জ্য ফেলার জন্য নতুন জায়গা খোঁজা হচ্ছে। উপযুক্ত স্থান পাওয়া গেলে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হবে।

তবে কেবল নতুন জায়গা নির্ধারণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না বলে মনে করেন পরিবেশকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা। তাঁর মতে, বর্জ্য সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ ও চূড়ান্ত নিষ্পত্তির জন্য পরিকল্পিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দূষিত বাঙ্গালকাটি ছড়া পরিষ্কার এবং নিরাপদ পানির বিকল্প উৎস নিশ্চিত করাও জরুরি।

Source: জাগো নিউজ২৪