চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির প্রাক্‌-নির্বাচনি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখার ৩০ শিক্ষার্থীর উত্তরপত্রে কোনো নম্বর ওঠেনি। এর মধ্যে কেউ সাদা খাতা জমা দিয়েছেন, আবার কেউ কিছু লিখেও শূন্য নম্বর পেয়েছেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে।

কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের অধ্যক্ষের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। সন্তোষজনক জবাব দিতে না পারলে ওই শিক্ষার্থীদের কলেজ থেকে বহিষ্কার করা হবে। সেই সঙ্গে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে টিসি নিয়ে তাদের অন্য কলেজে চলে যেতে হবে। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় ওই বিজ্ঞপ্তি জারি করা হয়।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার প্রাক্‌-নির্বাচনি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় ৩০ শিক্ষার্থীর এ ফলাফল সামনে আসে। পরীক্ষার খাতায় উত্তর না লেখা বা লিখেও শূন্য পাওয়ার বিষয়টিকে শিক্ষার প্রতি অবহেলা হিসেবে দেখছে কলেজ প্রশাসন।

অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, কলেজের লেখাপড়ার মান বজায় রাখতেই এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষার আগে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করা হলেও তাঁরা পড়াশোনা করেননি। এ কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, এসব শিক্ষার্থীকে কলেজে রাখার চেয়ে না রাখাই ভালো। তবে ৩০ জনের মধ্যে অনেকেই উত্তরপত্রে কিছু লিখেছিলেন, কিন্তু মূল্যায়নে তাঁরা শূন্য নম্বর পেয়েছেন।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪