বাংলাদেশ বিমান বাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাঁদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে এবং ২০২৭ সালের ১ জুন থেকে তাঁদের অবসর কার্যকর হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
অবসর দেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত মেয়াদি কমিশনে থাকা প্রথম দুই কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমান বাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমান বাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাঁদের অবসর দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনে থাকা বাকি তিন কর্মকর্তার চাকরির সময়সীমাও অতিক্রান্ত হওয়ায় বিমান বাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমান বাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাঁদের অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অবসর দেওয়া এই পাঁচ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরসংক্রান্ত সুযোগ-সুবিধা পাবেন।
তথ্যসূত্র: জাগোনিউজ২৪ ডটকম।
Source: জাগো নিউজ২৪






