সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে নতুন দুশ্চিন্তা তৈরি করেছে সাদ উদ্দিনের চোট। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেলেও স্বস্তিতে নেই স্বাগতিকরা। সাদের বিকল্প খোঁজার পাশাপাশি অল্প সময়ে পুরো দলকে পরের ম্যাচের জন্য প্রস্তুত করতে হবে। অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে পুরো স্কোয়াডেরই প্রয়োজন হবে।

বৃহস্পতিবার সকালে কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাল বলেন, ‘সাদ চোট পেয়েছে। অবশ্যই তার জায়গায় বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয়ও সেন্টারব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডকেই দরকার।’

দুই ম্যাচের মাঝে বিশ্রামের সময়ও খুব বেশি পাচ্ছে না বাংলাদেশ। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার পর আগামী শনিবারই সেমিফাইনাল খেলতে হবে তাদের। এ পরিস্থিতিতে প্রত্যেক খেলোয়াড়ের ফিটনেস ও প্রস্তুতি গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধিনায়ক। জামাল বলেন, ‘আমাদের পুরো দলকেই প্রয়োজন। গতকাল ম্যাচ খেলেছি, আবার দুই দিন পরই আরেকটি ম্যাচ। তাই পুরো দলকে প্রস্তুত রাখা জরুরি।’

প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না জামাল। তাঁর মতে, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই চার গোলের জয় নিয়ে বেশি মাতামাতি না করে এখন পরের ম্যাচের পরিকল্পনায় মনোযোগ দিতে চান তিনি। জামাল বলেন, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সে অবশ্য সন্তুষ্ট অধিনায়ক। চার গোল করার পাশাপাশি কোনো গোল হজম না করাটাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। জামাল বলেন, ‘আমরা চারটি গোল করেছি, এটা অবশ্যই ভালো দিক। পাশাপাশি আবারও গোল হজম না করে ম্যাচ শেষ করেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি।’

পাকিস্তানের বিপক্ষে অতীত রেকর্ডে এগিয়ে আছে বাংলাদেশ। দুই দলের ১৭ বারের লড়াইয়ে সাতবার জিতেছে বাংলাদেশ, পাঁচবার পাকিস্তান। বাকি পাঁচ ম্যাচ ড্র হয়েছে। সাফের শিরোপার হিসাবেও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ২০০৩ সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। পাকিস্তান এখনো এই প্রতিযোগিতায় শিরোপা জিততে পারেনি। ২৩ বছর পর আবারও দেশের মাটিতে ট্রফি জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের অসাধারণ গোলটিও আলাদা করে প্রশংসা পেয়েছে জামালের কাছ থেকে। তবে তরুণ এই ফুটবলারকে অন্য কারও সঙ্গে তুলনা করতে চান না অধিনায়ক। ফারহান যেন নিজের নামেই পরিচিতি গড়ে তোলেন, সেটিই তার চাওয়া। জামাল বলেন, ‘আমি চাই, ফারহান নিজের নামেই পরিচিত হোক। এটা ফারহান আলীর গোল, অন্য কারও নয়।’

হামজা চৌধুরীর পারফরম্যান্সেও মুগ্ধ জামাল। দলের এই তারকাকে বাংলাদেশের সেরা খেলোয়াড় মনে করেন তিনি। সতীর্থের সাফল্যে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন অধিনায়ক। জামালের ভাষায়, ‘হামজা দলের সেরা খেলোয়াড়। ওর জন্য আমি সত্যিই খুব খুশি।’

আগামী ১৪ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়। একই দিন রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Source: জাগো নিউজ২৪