ঢাকায় আতিথেয়তা বা নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ নেই ভারতীয় দলের কোচ নওশাদ মুসার। তবে খেলোয়াড়দের খাবারের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, দলকে প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে।

ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে খাবারের মেন্যুতে বৈচিত্র্য থাকা জরুরি বলে মনে করেন এই কোচ। বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। এরপর সংবাদ সম্মেলনে খাবার নিয়ে বিরক্তি প্রকাশ করেন মুসা।

তিনি জানান, সকালের নাশতার সমস্যা মিটে গেলেও দুপুর ও রাতের খাবার নিয়ে এখনো আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে। সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। একমাত্র যে সমস্যাটা হচ্ছে তা হলো খাবার নিয়ে। একজন আয়োজক হিসেবে আপনি চাপিয়ে দিতে পারেন না যে এটাই খেতে হবে। আমাদের একটি নির্দিষ্ট মেন্যু দেওয়া হচ্ছে, যা মানা সম্ভব নয়।’

ম্যাচ শেষ হওয়ার পর খেলোয়াড়দের পুষ্টিকর ভালো খাবার প্রয়োজন হয় বলে উল্লেখ করেন মুসা। তাঁর ভাষ্য অনুযায়ী, ম্যাচের দিনে খেলোয়াড়েরা খুব বেশি খান না, তাই ম্যাচের পর ভালো ডায়েট দরকার। কিন্তু গিয়ে দেখা যায় প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে।

খাবারের সমস্যা সমাধানে দলের ম্যানেজার ভারতের ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘কোচ হিসেবে আমি আমার টিম ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারি, আর তিনি ভারতের ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করছেন। সকালের নাশতার বিষয়টি ইতিমধ্যে সমাধান হয়েছে। তবে দুপুর ও রাতের খাবারের বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে।’

তবে সামগ্রিক আতিথেয়তা নিয়ে কোনো অভিযোগ নেই মুসার। ঢাকায় ঘোরাঘুরি করতে না পারার কারণ হিসেবে দলের বাইরে বের হওয়ার সুযোগ না থাকার কথা উল্লেখ করেছেন তিনি। এ নিয়ে হাস্যরস করে তিনি বলেন, ‘ঢাকা উপভোগ করতে হলে তো বাইরে ঘুরতে হবে, তাই না? আমাদের বাইরে বের হওয়ার সুযোগ নেই, সারা দিন হোটেলেই থাকতে হয়।’

বুধবারের এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রাখল ভারত। তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪