সড়ক দুর্ঘটনায় নয় বছরের মেয়েকে হারানোর শোক বুকে নিয়েই চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের বাসিন্দা উ ঝিশেং এখন প্রতিদিন ব্যস্ত সড়কের মোড়ে দাঁড়ান। তাঁর লক্ষ্য একটাই—নিয়ম ভাঙা ভারী যানবাহন শনাক্ত করে তার প্রমাণ পুলিশের হাতে তুলে দেওয়া। মেয়ের মৃত্যুর পর নিজের ব্যবসা কার্যত বন্ধ রেখে তিনি এই নজরদারিতে নেমেছেন।
গত ১ আগস্ট একটি মোড় ঘোরার সময় ডাম্প ট্রাকের ধাক্কায় মারা যান তাঁর বড় মেয়ে জিজিন। তখন তার বয়স ছিল মাত্র নয় বছর। ওই সময় উ ঝিশেংয়ের স্ত্রী দুই মেয়েকে নিয়ে বৈদ্যুতিক বাইকে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী ও পাঁচ বছর বয়সী ছোট মেয়েও আহত হন। চোখের সামনে মেয়ে প্রাণ হারায়।
ঘটনার খবর পেয়ে উ ঝিশেং ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, ট্রাকচালক গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন এবং তাঁর পায়ে স্যান্ডেল। অন্যদিকে তাঁর স্ত্রী যন্ত্রণায় কাঁদছিলেন। ছোট মেয়েটি বারবার তার বোনকে ডাকছিল।
তদন্তে যা বেরিয়ে এল
পুলিশের তদন্তে জানা যায়, ডাম্প ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে ৯২ শতাংশ বেশি মালামাল বোঝাই ছিল। গাড়িটির ব্রেকেও ত্রুটি ছিল। তদন্তে চালক ঝুকে সম্পূর্ণ দায়ী বলে প্রমাণিত হয়।
উ ঝিশেংয়ের অভিযোগ, দুর্ঘটনার জন্য ট্রাকচালক দায়ী হলেও ট্রাক পরিবহনকারী প্রতিষ্ঠান ও নির্মাণ ঠিকাদারের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। প্রমাণের অভাব দেখিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্তে তিনি হতাশ হন।
মেয়ে হারিয়ে সড়কে নেমে আসা
মেয়ের মৃত্যুর পর আগের মতো থাকতে পারেননি উ ঝিশেং। নিজের ব্যবসা বন্ধ রেখে ভারী যানবাহনের চলাচল পর্যবেক্ষণ শুরু করেন তিনি। প্রতিদিন স্কুল ও খেলার মাঠের আশপাশের ব্যস্ত সড়কে অবস্থান নেন। ডাম্প ট্রাক, সিমেন্টবাহী গাড়ি ও পণ্যবাহী ভারী যানবাহনের ওপর নজর রাখেন।
কোনো গাড়ি উল্টো পথে চলছে কি না, লালবাতি অমান্য করছে কি না, অতিরিক্ত মালামাল বহন করছে কি না—এসব তিনি রেকর্ড করেন। এ পর্যন্ত ২০টির বেশি ভারী যানবাহনের বিভিন্ন অনিয়মের ভিডিও ধারণ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে উল্টো পথে চলা, লালবাতি অমান্য করা, অতিরিক্ত মাল বহন, নম্বরপ্লেট ঢেকে রাখা এবং অবৈধভাবে পণ্য পরিবহন। এসব ভিডিও ট্রাফিক পুলিশের কাছে জমা দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করছেন তিনি।
চীনের মূল ভূখণ্ডের বিভিন্ন সংবাদমাধ্যম তাঁকে জনস্বার্থে অনিয়মের তথ্য প্রকাশকারী হিসেবে উল্লেখ করেছে। তবে উ ঝিশেং নিজেকে সাধারণ একজন নাগরিক হিসেবেই পরিচয় দিতে চান। তাঁর উদ্দেশ্য, সড়কের বিপদ সম্পর্কে সাধারণ মানুষ ও কর্তৃপক্ষকে সচেতন করা।
‘চালক নিয়ম মানলে মেয়েটি বেঁচে থাকত’
উ ঝিশেংয়ের মতে, ট্রাকচালক যদি ডান দিকে মোড় নেওয়ার আগে নিয়ম মেনে সম্পূর্ণ থামতেন, তাহলে তাঁর মেয়েকে প্রাণ হারাতে হতো না। তিনি বলেন, চালক নিয়ম মেনে গাড়ি থামিয়ে মোড় নিলে তাঁর সন্তান এখনো বেঁচে থাকত।
দুর্ঘটনার সময় ট্রাকটিতে ধারণক্ষমতার চেয়ে ৯২ শতাংশ বেশি মালামাল ছিল। উ ঝিশেং হিসাব করে দেখেছেন, ট্রাকটির অতিরিক্ত বোঝার পরিমাণ ছিল তাঁর মেয়ের ওজনের প্রায় দুই হাজার গুণ।
চায়না জাস্টিস বিগ ডেটা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চীনে প্রাণঘাতী ও আহত হওয়ার মতো সড়ক দুর্ঘটনার ৩২ শতাংশের সঙ্গে ভারী ট্রাক জড়িত। অতিরিক্ত মাল বহন, অতিরিক্ত গতি এবং চালকের ক্লান্তিকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিচারে অভিযোগ অস্বীকার
গত ২ নভেম্বর এ ঘটনায় বিচার অনুষ্ঠিত হয়। তবে ট্রাকচালক ঝু নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, উ ঝিশেংয়ের স্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ট্রাকের সামনে চলে এসেছিলেন। উ ঝিশেংয়ের অভিযোগ, বিচার চলাকালে চালকের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি।
এ ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য চালক, গাড়ির বিমা প্রতিষ্ঠান, নির্মাণ ঠিকাদার এবং পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেওয়ানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
মেয়ের স্মৃতি বুকে নিয়ে লড়াই
মেয়ে জিজিনের স্মৃতি এখনো প্রতিদিন তাড়া করে ফেরে উ ঝিশেংকে। বাবা দিবসে মেয়েটি তাঁকে ডিজিটাল শুভেচ্ছা কার্ড পাঠাত। সেখানে বাবাকে অসাধারণ মানুষ এবং পরিবারের শক্তির স্তম্ভ হিসেবে উল্লেখ করত।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা জানাজানি হওয়ার পর চীনের অনেক মানুষ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, জিজিনের নাম নেওয়া হয়েছিল চীনের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ক্ল্যাসিক অব পোয়েট্রি’ থেকে। এতেই বোঝা যায়, মেয়েটি পরিবারের কাছে কতটা আদরের ছিল। আরেকজন লিখেছেন, পরিবারটি যেন একসময় এই শোক কাটিয়ে উঠতে পারে এবং বেঁচে থাকা ছোট মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করার শক্তি পাক তারা।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
Source: জাগো নিউজ২৪






