আগামী কপ৩১ জলবায়ু সম্মেলনে প্যারিস চুক্তির বাস্তবায়ন, টেকসই জলবায়ু অর্থায়ন এবং মানুষের জীবন সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেন। এর মধ্যে প্রথমটি হলো, সদস্য রাষ্ট্রগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদানকে (এনডিসি) দৃশ্যমান ও অর্থায়নকৃত কার্যক্রমে রূপান্তর করা। এই পদক্ষেপের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ ত্বরান্বিত করা সম্ভব বলে তিনি মনে করেন।

দ্বিতীয় বিষয় হিসেবে তিনি জলবায়ু মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অর্থায়ন ছাড়া জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়—এ কথা উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, অর্থায়নের অভাবে মানুষের জীবনও ঝুঁকিতে পড়ে।

তৃতীয় বিষয় হিসেবে তিনি উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এবং আগাম সতর্কবার্তা ব্যবস্থার (আর্লি ওয়ার্নিং সিস্টেম) মাধ্যমে দুর্যোগের ঝুঁকি মোকাবিলার ওপর জোর দেন।

ড. খলিলুর রহমান বলেন, কপ৩১ সম্মেলন কেবল প্রতিশ্রুতির পুনরাবৃত্তির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মানুষের জীবন সুরক্ষার মাধ্যমে এই সম্মেলনের সফলতা বিচার করতে হবে।

Source: জাগো নিউজ২৪