মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ঢাকার দারুল আরকাম আল-ইসলামিয়ার নতুন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আল-আজহারের আন্তর্জাতিক শিক্ষার্থী উন্নয়ন কেন্দ্র ‘মারকাযুত তাতভীর লি-তুল্লাবিল ওয়াফিদিন ওয়াল-আজানিব’ গত রোববার (৮ নভেম্বর) কায়রোর আল-আজহার ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে। খবর জাগো নিউজ প্রবাসের।

অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ পাওয়া দারুল আরকামের ৪২ জন নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আল-আজহারে অধ্যয়নরত বাংলাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীও অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়খুল আজহারের বিদেশি শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা ও আন্তর্জাতিক শিক্ষার্থী উন্নয়ন কেন্দ্রের প্রধান অধ্যাপক ড. নাহলা আস-সায়ীদি। নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আল-আজহার বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

তিনি জানান, আল-আজহারের গ্র্যান্ড ইমাম ও শায়খ অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যিব বিদেশি শিক্ষার্থীরা মিসরে পৌঁছানোর পর থেকে শিক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা দিতে অত্যন্ত আন্তরিক।

অধ্যাপক নাহলা আস-সায়ীদি আরও বলেন, শিক্ষার্থীরা যেন জ্ঞান, প্রজ্ঞা ও যোগ্যতায় সমৃদ্ধ হয়ে নিজ দেশে ফিরে আল-আজহারের প্রতিনিধি হিসেবে ইসলামের সঠিক শিক্ষা ও মধ্যপন্থার আদর্শ ছড়িয়ে দিতে পারেন, এটিই আল-আজহারের অন্যতম প্রত্যাশা। তাঁর মতে, এ ধরনের সংবর্ধনা ও পরিচিতিমূলক আয়োজন শিক্ষার্থীদের আল-আজহারের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি অভিজ্ঞ আলেম ও শিক্ষাবিদদের সান্নিধ্যে আসার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

আল-আজহারের শিক্ষাদর্শন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল-আজহার ইনস্টিটিউটস বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ আশ-শারকাওয়ী, ইসলামিক রিসার্চ একাডেমির সহকারী মহাসচিব ড. মাহমুদ আল-হাওয়ারি, সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুসাম শাকের এবং দারুল আরকাম আল-ইসলামিয়া, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ ছানাউল্লাহ আল-আজহারি।

আল-আজহারের শিক্ষাদর্শন ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে অধ্যাপক ড. আহমদ আশ-শারকাওয়ী বলেন, মধ্যপন্থা, ভারসাম্য ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীলতা আল-আজহারের শিক্ষাব্যবস্থার অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। তাঁর ভাষ্যমতে, এখানে ধর্মীয় ও আরবি শিক্ষার পাশাপাশি সাধারণ ও সাংস্কৃতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হয়। ফলে তাঁরা ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও সমকালীন বিশ্বের সঙ্গে ইতিবাচকভাবে সম্পৃক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন।

কৃতজ্ঞতা ও দিকনির্দেশনা

দারুল আরকাম আল-ইসলামিয়া, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ ছানাউল্লাহ আল-আজহারি মিসর সরকার, আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যিব এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহার যে আন্তরিক সহযোগিতা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করছে, তা তাদের জ্ঞান ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শায়খ ছানাউল্লাহ আল-আজহারি আশাবাদ ব্যক্ত করেন, এই সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজ দেশে ফিরে ইসলামের সঠিক শিক্ষা ও সংস্কৃতি প্রচারের পাশাপাশি শান্তি, সহনশীলতা, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবেন। এ সময় তিনি নবাগত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নসিহত দেন।

দারুল আরকামের সমতা চুক্তি

উল্লেখ্য, দারুল আরকাম আল-ইসলামিয়া, ঢাকা মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাগত সমতা চুক্তি (মুয়াদালা) সম্পন্নকারী বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। আল-আজহারের উচ্চমাধ্যমিক স্তরের সঙ্গে প্রতিষ্ঠানটির এই সমতা চুক্তি থাকায় প্রতিবছর এখানকার শিক্ষার্থীরা সরাসরি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের বিভিন্ন অনুষদে (কুল্লিয়া) ভর্তির সুযোগ পান। বর্তমানে দারুল আরকামের দুই শতাধিক শিক্ষার্থী আল-আজহারে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

Source: জাগো নিউজ২৪