জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের প্রতিবাদে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। মিছিলে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দিনগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তার পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, আগুনে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
Source: জাগো নিউজ২৪






