শিশু-কিশোরের বিকাশ, প্রাপ্তবয়স্কদের কাজের সক্ষমতা এবং বয়স্কদের সুস্থতা ধরে রাখতে প্রয়োজন সুষম ও বৈচিত্র্যময় খাবার। এমন খাদ্যতালিকায় দুধের ভূমিকা অনেক। তবে দুধের পুষ্টিগুণ কতটা অক্ষুণ্ণ থাকে এবং তা কতটা নিরাপদে ভোক্তার কাছে পৌঁছায়, তা নির্ভর করে দুধ প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবহনের পদ্ধতির ওপর।
দুধ প্রোটিন ও ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস। প্রোটিন শরীরের বৃদ্ধি, পেশি এবং অন্যান্য টিস্যু গঠন ও মেরামতে সহায়তা করে। ক্যালসিয়াম প্রয়োজন হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য। তবে শুধু দুধ পান করলেই শরীরের সব পুষ্টির চাহিদা পূরণ হয় না। ডাল, ডিম, মাছ, শাকসবজি, ফল ও অন্যান্য খাবারের সমন্বয়ে সুষম খাদ্যতালিকা তৈরি করা জরুরি।
দুধ একটি সহজে পচনশীল খাদ্য। গবাদিপশুর স্বাস্থ্য, দুধ সংগ্রহের সময়ের পরিচ্ছন্নতা, ব্যবহৃত পাত্র, পরিবহন এবং সংরক্ষণের পদ্ধতি—এসবই দুধের গুণগত মানকে প্রভাবিত করে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত কোনো ধাপে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে দুধ দূষিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
ইউএইচটি প্রযুক্তি কীভাবে সহায়তা করে
দুধ সংরক্ষণের আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম ইউএইচটি বা অতি উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাতকরণ। এ পদ্ধতিতে দুধকে সাধারণত ১৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েক সেকেন্ড উত্তপ্ত করে দ্রুত ঠান্ডা করা হয়। এরপর জীবাণুমুক্ত পরিবেশে জীবাণুমুক্ত প্যাকেটে ভরে সিল করা হয়। এই পদ্ধতি প্যাকেট খোলার আগে দুধকে দীর্ঘসময় সংরক্ষণে সহায়তা করে।
এ ধরনের প্রক্রিয়াজাত দুধের বড় সুবিধা হলো, প্যাকেট অক্ষত থাকলে এবং পণ্যের লেবেলে উল্লেখ করা শর্ত মেনে সংরক্ষণ করলে সাধারণত ফ্রিজে রাখা ছাড়াই কয়েক মাস রাখা যায়। ফলে প্রতিদিন দুধ কেনার প্রয়োজন কমতে পারে এবং পরিবহন ও বিতরণে বাড়তি সুবিধা তৈরি হয়।
ইউএইচটি প্রক্রিয়াকরণের পর অ্যাসেপটিক প্যাকেজিং দুধকে বাইরের দূষণ থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেট্রাপ্যাক এ ধরনের প্যাকেজিং প্রযুক্তি সরবরাহ করে। প্যাকেজিংয়ের সুরক্ষামূলক ছয় স্তর দুধকে আলো ও অক্সিজেনের প্রভাব থেকেও রক্ষা করতে সহায়তা করে।
পুষ্টিগুণ নিয়ে যা জানা প্রয়োজন
ইউএইচটি প্রক্রিয়াজাতকরণের পরও দুধে প্রোটিন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান মূলত বজায় থাকে। তবে মনে রাখা প্রয়োজন, ইউএইচটি মিল্কের দীর্ঘ সংরক্ষণকাল মানে প্যাকেট খোলার পরও তা ফ্রিজ ছাড়া রাখা যাবে—এমন নয়। প্যাকেট খোলার পর দুধ ফ্রিজে রাখতে হবে এবং লেবেলে উল্লেখ করা সময়ের মধ্যে ব্যবহার করতে হবে। কেনার সময় মেয়াদ ও প্যাকেটের সিল পরীক্ষা করাও জরুরি।
পরিবারের পুষ্টিতে সচেতন সিদ্ধান্ত
পরিবারের পুষ্টি নিশ্চিত করতে শুধু একটি খাবারের ওপর নির্ভর না করে বয়স, প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বৈচিত্র্যময় খাদ্যতালিকা তৈরি করা দরকার। দুধ সেই তালিকার একটি প্রধান অংশ। আর ইউএইচটি প্রযুক্তি দুধকে দীর্ঘসময় সংরক্ষণ ও দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে, যা দেশের সর্বস্তরে পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে।
তবে নিরাপদ পুষ্টি নিশ্চিত করতে প্রযুক্তির পাশাপাশি সচেতন ব্যবহারও জরুরি। প্রয়োজন অনুযায়ী দুধ কেনা, মেয়াদ দেখে ব্যবহার করা এবং প্যাকেট খোলার পর সঠিকভাবে সংরক্ষণ করার অভ্যাস দুধের অপচয় কমাতে সহায়তা করে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা বজায় রাখার মাধ্যমেই পুষ্টিকর খাবারকে পরিবারের কাছে আরও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়া সম্ভব।
Source: জাগো নিউজ২৪






